হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের সাহায্য নিতে পারে সৌদি আরব, ইসরায়েলের সঙ্গে সম্পর্কও স্বাভাবিক করতে পারে: ট্রাম্প
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব সম্ভবত ইসরায়েলের সহায়তা গ্রহণ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের এমন কথা জানান।
তিনি আরও বলেন, সৌদি আরবকে 'আব্রাহাম চুক্তি'র আওতায় নিয়ে আসার প্রচেষ্টাগুলো আবারও পুনরুজ্জীবিত হতে পারে।
হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের দেওয়া সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'হ্যাঁ, আমি তা-ই মনে করি।'
এই সম্ভাবনার বিষয়ে সৌদি আরবের সঙ্গে কথা বলেছেন কি না জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, 'আমার মনে হয় তারা এটি করবে। অবশ্যই।' তিনি আরও বলেন, 'ইসরায়েল সৌদি আরবকে অনেক সাহায্য করেছে এবং হ্যাঁ, তারা (সৌদি আরব) অবশ্যই এটি করবে।'
ট্রাম্প সৌদি আরবের সঙ্গে আব্রাহাম চুক্তি নতুন গতি পাওয়ার বিষয়েও দৃঢ় আস্থা প্রকাশ করেছেন।
সৌদি আরবের সঙ্গে এই চুক্তিটি পুনরায় আলোচনার টেবিলে এসেছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'সম্ভবত যেকোনো সময়ের চেয়েও এখন বেশি।' তিনি আরও বলেন, 'আব্রাহাম চুক্তি আমাদের অন্যতম সর্বশ্রেষ্ঠ অর্জন এবং হ্যাঁ, আমি বলব এটি হয়তো এখন যেকোনো সময়ের চেয়েও বেশি সম্ভব।'
