মিশরকে ‘বঞ্চিত' করা হয়েছে, এবার আর্জেন্টিনা-মিশর বিতর্কে যোগ দিলেন নিউইয়র্কের মেয়র মামদানি
বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর লড়াইয়ে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়কে বিতর্কিত হিসেবে অভিহিত করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ম্যাচটিতে মিশরকে প্রাপ্য জয় থেকে 'বঞ্চিত' করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। গত মঙ্গলবার অনুষ্ঠিত এই ম্যাচে ৩-২ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ম্যাচটি অত্যন্ত রোমাঞ্চকর হলেও রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে। অধিকাংশ সময় পিছিয়ে থাকলেও ৭৯ মিনিটের পর ৩টি গোল করে জয় নিশ্চিত করে লিওনেল মেসির দল।
ম্যাচের এক পর্যায়ে মিশর ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও একটি বিতর্কিত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) রিভিউয়ের মাধ্যমে গোলটি বাতিল করা হয়। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ ম্যাচ ধারাভাষ্যকাররা। ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকার ড্যারেন ফ্লেচার বলেন, 'ভিএআর আমার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে।' যদিও পরে মিশর আরেকটি গোল করে ব্যবধান ২-০ করেছিল।
মজার বিষয় হলো, পরবর্তীতে মিশরের পক্ষে পেনাল্টি পাওয়ার মতো একই ধরনের একটি ঘটনা ঘটলেও ভিএআর পরীক্ষা করা হয়নি। রেফারির এমন কিছু সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে যে ফিফা মেসিদের পরবর্তী রাউন্ডে নিতে চায় কি না।
এবার এই বিতর্কিত ম্যাচ নিয়ে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। শহরে বাসের জন্য বাড়তি লেন চালুর ফলে মানুষের সময় বাঁচবে—এমন প্রেক্ষাপটে তিনি বলেন, 'এর মানে হলো, গতকালের ম্যাচে মিশরকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, তা নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করার ও একমত হওয়ার বাড়তি সময় পাওয়া যাবে।'
উল্লেখ্য, ওই ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিশরের কোচ হোসাম হাসান বলেন, 'আমরা এখানে কোনো ফেয়ার প্লে দেখিনি। পেনাল্টি পাওয়ার মতো একটি ঘটনা ভিএআর দিয়ে পরীক্ষা পর্যন্ত করা হয়নি। কোনো এক অজানা কারণে আমাদের একটি গোলও বাতিল করা হলো।'
তিনি আরও অভিযোগ করেন, 'মনে হচ্ছে রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে এক ধরনের চাপ ছিল, যার ফলে এমন ফলাফল এসেছে।' তিনি বলেন, 'জীবন অন্যায্য, দুনিয়াটাও অন্যায্য। কিন্তু খেলাধুলায় কেন কোনো ন্যায়বিচার থাকবে না? এই ম্যাচের ফলাফল এবং যেভাবে সবকিছু পরিচালিত হয়েছে, তাতে আমি মোটেও সন্তুষ্ট নই।'
