১৫ বছরের দাম্পত্যের ইতি টেনে বিচ্ছেদের ঘোষণা দিলেন আমির-কিরণ
১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন আমির খান ও কিরণ রাও দম্পতি। শনিবার (৩ জুলাই) এক যৌথ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিজেরাই নিশ্চিত করেছেন তারা।
তবে দাম্পত্য সম্পর্কে ইতি টানলেও একে অপরের পরিবারের অংশ থাকবেন তারা, পাশাপাশি তাদের একমাত্র সন্তান আজাদ খানকেও দেখভালের দায়িত্ব থাকবে দুজনের কাঁধেই। শুধু ব্যক্তিগত জীবনেই নয়, পেশাদার জীবনেও তাদের 'পার্টনারশিপ' আগের মতোই চলতে থাকবে বলে জানিয়েছেন এই 'প্রাক্তন' জুটি।
যৌথ বিবৃতিতে তারা জানিয়েছেন, "এই ১৫টি সুন্দর বছরে আমরা একসঙ্গে আজীবনের অভিজ্ঞতা, আনন্দ এবং হাসি ভাগ করে নিয়েছি। আমাদের সম্পর্কটি এগিয়ে গিয়েছে শুধুমাত্র বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালোবাসার জোরে। আমরা এখন আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। আমরা আর স্বামী-স্ত্রী নই। তবে আমরা দু'জনই একে অপরের পরিবারের অভিভাবক থাকবো।"
বিবৃতিতে তারা আরও জানান, "বেশ কিছুদিন আগেই আমরা বিচ্ছেদের সিদ্ধান্তটি নিয়েছি। শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। তবে এই সিদ্ধান্ত আমাদের সন্তান আজাদের উপর কোনভাবে পড়বে না। আমরা দু'জনে মিলে তাকে মানুষ করবো। এমনকি আমরা দু'জন একসঙ্গে মিলে আগের মতোই ছবি, পানিপথ ফাউন্ডেশন এবং অন্যান্য প্রোজেক্টের কাজ করবো"।
কিরণ রাও এবং আমির খানের জুটিকে বলা হতো বলিউডের অন্যতম 'পারফেক্ট' জুটি। প্রযোজক, পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার কিরণ একসময় আমিরের প্রথম স্ত্রী রিনার সহকারী হিসাবেও কাজ করেছেন।
রিনার সঙ্গে ১৪ বছরের দাম্পত্যের অবসান শেষে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন আমির। সে সময়ে কিরণকে পাশে পেয়েছিলেন তিনি। ২০০৫ সালে বিয়ে করেন আমির-কিরণ। এ দম্পতির একমাত্র সন্তান আজাদ। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে আজাদের জন্ম দেন কিরণ।
- সূত্র- ভারতীয় গণমাধ্যম
