মুন্সীগঞ্জে কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৫ কর্মী গ্রেপ্তার
মুন্সিগঞ্জের অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখার গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ব্যাংকের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখার ব্যবস্থাপক শরীফ উদ্দিন (৩৯), সাবেক নগদ কর্মকর্তা মো. জিন্নাহ হোসেন (৩৪), বেসরকারি নিরাপত্তাকর্মী রঞ্জু আহমেদ (৩০) ও আবদুল হাই (৪২) এবং ব্যাংকের দীঘিরপাড় শাখার ব্যবস্থাপক রেজাউল হক (৪২)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাংকের শ্রীনগর শাখার গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের একটি দল তদন্ত করে। তদন্তের পর ব্যাংকের ওই পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, পাঁচজনকেই ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে একই ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর রাতে অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখার জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক শরীফুজ্জামান সোহাগকে ঢাকার মিরপুরের মধ্য পাইকপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
অভিযোগ রয়েছে, অগ্রণী ব্যাংকের শ্রীনগর বাজার শাখার শত শত গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের পর সোহাগ আত্মগোপনে চলে গিয়েছিলেন। এ ঘটনায় ব্যাংকের আমানতকারীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়।
