পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপে অ্যাম্বাসেডর নির্বাচিত ছাত্রদল সহ-সভাপতি আউয়াল
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭ তালিকায় ১৩তম স্থানে থাকা চীনের স্বনামধন্য পিকিং ইউনিভার্সিটির মর্যাদাপূর্ণ 'ডংফাং স্কলারশিপ'-এ অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।
বিশ্বের ৫৪টি দেশের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে সর্বোচ্চ সমর্থন পেয়ে তিনি এই দায়িত্ব অর্জন করেন।
বিশ্বের বিভিন্ন দেশের উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত এই ডংফাং স্কলারশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ডা. আউয়াল। ডংফাং স্কলারশিপের নির্ধারিত নিয়ম অনুযায়ী স্কলারশিপে অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই অ্যাম্বাসেডর নির্বাচন সম্পন্ন করে পিকিং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এই নির্বাচনে সর্বোচ্চ ১৯টি ভোট পেয়ে অ্যাম্বাসেডর নির্বাচিত হন ডা. আউয়াল। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকুয়েডরের উপ-রাষ্ট্রপতির উপদেষ্টা লোরেনা পোন্সে পান ১৭টি ভোট। এছাড়া জিম্বাবুয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এলবার্ট মাভুঙ্গা ৮টি ভোট এবং মালদ্বীপের উপমন্ত্রী আহমেদ আরিম ৫টি ভোট লাভ করেন।
নির্বাচনের পর দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তৌহিদুর রহমান আউয়াল বলেন, 'প্রথমেই কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রিজভী আহমেদকে; যারা আমাকে এই স্কলারশিপে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। তাদের আস্থা রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছি। বাকি দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশ ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সহযোগিতার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।'
