জাতিসংঘের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, হলিউড অভিনেত্রীসহ আটক শতাধিক
জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের আগে নিউইয়র্কে তার বিরুদ্ধে হওয়া বিক্ষোভ থেকে শতাধিক মানুষকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে হলিউড অভিনেত্রী সুসান সারান্ডন ও হান্না আইনবাইন্ডারও রয়েছেন।
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানিয়েছে, বৃহস্পতিবার জাতিসংঘের সদর দপ্তরের কাছাকাছি ফার্স্ট এভিনিউতে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ১০৩ জনকে আটক করা হয়েছে। সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণ দেওয়ার আগে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ এ অভিযান চালায়।
বিক্ষোভকারীদের অনেকের হাতে 'স্টপ আর্মিং ইসরায়েল' ও 'এন্ড দ্য জেনোসাইড' লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা মানবাধিকার সংগঠন জিউস ভয়েস ফর পিস জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে কমেডিয়ান ক্যালেব হিরন, লেখক গ্লেনন ডয়েল, নিউইয়র্কের কংগ্রেস নির্বাচনের প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ের এবং সাবেক মার্কিন সেনা গোয়েন্দা বিশ্লেষক চেলসি ম্যানিংও রয়েছেন। সংগঠনটি এই বিক্ষোভের আয়োজন করেছিল।
বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল ব্যাহত হয়। এ সময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যেতে বলেন। এরপরও প্রায় ৩০ জন সড়কে অবস্থান করছিলেন। পরে আরেক দফা সতর্কবার্তার পর বেলা ১টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের আটক করতে শুরু করে।
এদিকে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণ ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। তার বক্তব্যের সময় বিপুলসংখ্যক কূটনীতিক অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
ভাষণে নেতানিয়াহু গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন করেন এবং আন্তর্জাতিক সমালোচনার জবাব দেন। ইরানে ইসরায়েলের হামলার প্রসঙ্গে তিনি বলেন, হামলা না চালালে 'আমরা সবাই মারা যেতাম'।
