আরও ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৮৭২ জন হাসপাতালে ভর্তি
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,৮৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন—যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ জন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন ৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৫ জনে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১,৭৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন আক্রান্তের এই সংখ্যা আগের সব রেকর্ড অতিক্রম করল।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যে ৫ জন মারা গেছেন, তাদের মধ্যে রাজশাহী বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগ, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১ জন করে রয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৪৭৭ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু থেকে মোট সুস্থ হওয়ার সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৫৬০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৯৯ জনে।
