দেশে হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১,০৪৪
দেশে আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১,০৪৪ জনে পৌঁছেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২০টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৯ জন। এতে দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮। অন্যদিকে, নতুন করে ৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে পরীক্ষাগারে নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ২৮২।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৯৪৪। আর পরীক্ষাগারে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০০।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৪ হাজার ৪২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
