২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২; আক্রান্ত ৬০ হাজার ছাড়াল
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ১ হাজার ২৩২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন করে দুইজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৮ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই রোগীর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার বাসিন্দা রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৩২ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭০ জনে।
সারাদেশে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৩৭৯ জনে। এর মধ্য দিয়ে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬০ হাজার অতিক্রম করল।
