২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৪৮৪ জন
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আজ ১৭ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার এবং একজন রংপুর বিভাগের।
বলা হয়, একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫১৩ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯২ জনে।
আরও বলা হয়, দেশে এ বছর ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৫৮ হাজার ৪০০ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ১৭৬ জন।
