ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, একদিনে রেকর্ড ১,৭৩৩ জন হাসপাতালে ভর্তি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৭৩৩ জন রোগী, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই সংখ্যা যুক্ত হওয়ায় চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে।
একিদিনে সংক্রমণের আজকের সংখ্যা আগের সর্বোচ্চ রেকর্ডকে অতিক্রম করেছে। এর আগে গত ৮ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১,৫৭১ জন রোগী শনাক্ত হয়েছিল।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় তিনজন, চট্টগ্রাম বিভাগে তিনজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১,২৮২ জন ডেঙ্গু রোগী। এতে করে চলতি বছরে এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৩৭৫ জন।
চলতি বছর এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫৩ হাজার ৫৭০ জনে।
