সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে: নৌপরিবহনমন্ত্রী
নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, 'ভোলা দেশের মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর আগে জনগণের যোগাযোগের সুবিধার জন্য পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। বর্তমানে 'বেগম সুফিয়া কামাল' ও 'বেগম রোকেয়া' দুটি ফেরি চলাচল করছে।
আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ফেরিঘাটে কাঁচপুর-ইলিশা ফেরি সার্ভিসের উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, মানুষের কাছে এই রুটের ব্যাপক আগ্রহ ও সাড়া রয়েছে। তাই ফেরির সংখ্যা বাড়ানো, সেবার মান উন্নত করা, শৃঙ্খলা নিশ্চিত করা এবং যৌক্তিক ভাড়া নির্ধারণের বিষয়ে আমরা আলোচনা করছি।
একইভাবে ঢাকার চক্রাকার নৌরুট ও ওয়াটার বাস সার্ভিসকে আরও যাত্রীবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, নির্দিষ্ট সময়ে যাত্রা, আরামদায়ক পরিবেশ এবং নৌপথের সঙ্গে সড়ক যোগাযোগ নিশ্চিত করা গেলে এই রুটগুলো আরও জনপ্রিয় হবে এবং লোকসান কমানো সম্ভব হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী, পরিচালক (প্রশাসন) মো. রবিউল আলম, পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী, পরিচালক (অর্থ) শেখ মু. নাসিম।
