উল্টোপথে চলায় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানা
রাজধানীর সার্কিট হাউজ রোডে উল্টোপথে বেপরোয়া গতি এবং ওভারটেকিংয়ের অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গাড়িটিকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পুলিশের ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা জানান, সকাল ৯টা ৮ মিনিটের দিকে পতাকাবাহী 'রেঞ্জ রোভার' (ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫) গাড়িটি সার্কিট হাউজ সড়কের উল্টোপথ দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়। চালককে জানানো হয়, এভাবে উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আইনের সম্পূর্ণ লঙ্ঘন। এরপর গাড়িটির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয় এবং তিন হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, ওই গাড়ির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে। ঘটনার সময় মন্ত্রী রশিদুজ্জমান মিল্লাত নিজেই গাড়িতে অবস্থান করছিলেন।
এছাড়া, মন্ত্রীর গাড়িটি যখন আইন ভেঙে উল্টোপথে যাচ্ছিল, ঠিক সেই সময়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর পাশের সড়ক দিয়ে ট্রাফিক নিয়ম মেনে সচিবালয় অভিমুখে যাচ্ছিল।
ট্রাফিক কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে এই প্রথম কোনো দায়িত্বরত মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে উল্টোপথে চলার অভিযোগে মামলা হলো। অতীতে গন্তব্যে দ্রুত পৌঁছাতে বা যানজট এড়াতে ভিআইপিদের উল্টোপথে যাওয়ার ঘটনা নিয়ে বারবার বিতর্ক ও সমালোচনা হলেও আইনি ব্যবস্থা নেওয়ার ঘটনা এটিই প্রথম এবং নজিরবিহীন।
মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলার এই খবর সচিবালয়ে ব্যাপক গুঞ্জন ও আলোচনার সৃষ্টি করেছে। সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে বলেন, 'যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে এবং যানজটের মধ্যে সিগন্যালে দাঁড়িয়ে সচিবালয়ে যাতায়াত করছেন, সেখানে মন্ত্রী কিংবা সচিবের গাড়ি উল্টোপথে যাওয়ার এই ঘটনার পরিণতি দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি বার্তা হিসেবে চিহ্নিত থাকবে।'
