চট্টগ্রামে সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা, ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশা মেরামতের ওয়ার্কশপের আড়ালে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে দেশীয় পেনগানসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারীর সরকারহাট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— মো. জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি (৪৪) ও মো. কবির (৪৭)।
পুলিশ জানায়, হাটহাজারীতে অস্ত্র তৈরি ও সরবরাহকারী একটি চক্রের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর তাদের গতিবিধির ওপর নজরদারি শুরু করা হয়। এর ধারাবাহিকতায় সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকায় অভিযান চালানো হয়। জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানে জামাল ও কবিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি পেনগান, চারটি দেশীয় পিস্তল, ১৮টি পেনগানের গুলি ও দুটি পিস্তলের বুলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাটহাজারীর সরকারহাট বাজারে 'ওসমানের সিএনজি অটোরিকশা ওয়ার্কশপে' অস্ত্র তৈরির তথ্য পাওয়া যায়। সেখানে তৈরি করা অস্ত্র পরবর্তীতে বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করা হতো। পরে ওই তথ্যের ভিত্তিতে সরকারহাট বাজারের ওয়ার্কশপটিতে অভিযান চালায় পুলিশ। সেখানে অস্ত্র তৈরির বিভিন্ন আলামত ও সরঞ্জাম পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, অভিযানের মাধ্যমে হাটহাজারীতে অবৈধ অস্ত্র তৈরির একটি উৎসের সন্ধান পাওয়ার পাশাপাশি অস্ত্র সরবরাহকারী চক্রের দুই সদস্যকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় পলাতক ওসমানসহ অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্রের উৎস নির্মূলে চট্টগ্রাম জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
