এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছেই রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি ও মৌখিকের মাঝখানে লিখিত পরীক্ষা যুক্ত করে তিন ধাপের পরীক্ষা পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় এনটিআরসিএর শিক্ষক নিয়োগের সংশোধিত অনুসরণীয় পদ্ধতি এবং পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। এতে এনটিআরসিএর চেয়ারম্যান আলিফ রুদাবা, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন কাঠামোয় শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে তিন ধাপে—প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক। বর্তমানে প্রিলিমিনারির পর মৌখিক পরীক্ষার যে ব্যবস্থা রয়েছে, তার পরিবর্তে লিখিত পরীক্ষা যুক্ত করার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের লিখিত পরীক্ষায় বসতে হবে। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীরাই এরপর মৌখিক পরীক্ষার সুযোগ পাবেন।
নতুন পদ্ধতি চালুর আগে সংশোধিত অনুসরণীয় পদ্ধতির অনুমোদন নিতে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ বিষয়ে পরিপত্র জারি করা হবে। এরপর নতুন কাঠামো অনুযায়ী শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করবে এনটিআরসিএ। পরীক্ষার কাঠামোর পাশাপাশি সিলেবাসেও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত সিলেবাসের প্রস্তাবও মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হবে।
এদিকে শিক্ষক নিয়োগের সুপারিশ এনটিআরসিএর পরিবর্তে অন্য কোনো প্রক্রিয়ায় নেওয়ার যে উদ্যোগ নিয়ে আগে আলোচনা হয়েছিল, সেখান থেকেও সরে এসেছে সরকার। আগের বিতর্কিত রেজুলেশনটি বাতিল করে এনটিআরসিএর মাধ্যমেই নিয়োগের সুপারিশ করার ব্যবস্থা বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।
তবে নতুন পদ্ধতি এখনো আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ও পরিপত্র জারির পরই পরীক্ষার নতুন কাঠামো এবং নিয়োগ প্রক্রিয়া কার্যকর হবে।
