মুন্সীগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শ্রীনগর জমজম টাওয়ার এলাকায় কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে চারজন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে সরফত আলী সপুর পূর্বনির্ধারিত আনন্দ মিছিল বের হওয়ার কথা ছিল। এ জন্য সকালে নেতাকর্মীরা সেখানে জড়ো হতে শুরু করেন।
এ সময় শেখ আব্দুল্লাহর কয়েকজন অনুসারী ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মোটরসাইকেল ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ওসি (তদন্ত) মিল্টন দত্তও সামান্য আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেন।
সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
