১৬৬ দিনের স্থবিরতার অবসান, দুদকে নতুন কমিশনের কার্যক্রম শুরু
প্রায় সাড়ে পাঁচ মাস (১৬৬ দিন) অভিভাবকহীন থাকার পর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অষ্টম কমিশন।
বুধবার (১৯ আগস্ট) সকালে অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত নতুন কমিশনের চেয়ারম্যান ও দুই কমিশনার দুদকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন।
এর আগে, সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে নতুন কমিশন গঠন করে। সদস্য হিসেবে নিয়োগ পান ড. জাহাঙ্গীর আলম ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
রাষ্ট্রপতির আদেশক্রমে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬(১) ধারায় তাদের নিয়োগ দেওয়া হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কমিশনের তিন সদস্য। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে শীর্ষ নেতৃত্বশূন্য থাকা দুদকের কার্যক্রমে স্থবিরতার অবসান হয়েছে।
উল্লেখ্য, গত ৩ মার্চ তৎকালীন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেন। এরপর প্রায় সাড়ে পাঁচ মাস পর গত ১৮ আগস্ট নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগ দেওয়া হয়।
দীর্ঘ সময় কমিশন শূন্য থাকায় দুদকের নিয়মিত কার্যক্রম, বিশেষ করে গুরুত্বপূর্ণ অনুসন্ধান ও তদন্তের অগ্রগতি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছিল।
নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের পর এসব কার্যক্রম কতটা দ্রুত স্বাভাবিক গতিতে ফিরে আসে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
