চট্টগ্রামে ৫ নেত্রীসহ আ.লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকায় ৫ নারী নেত্রীসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (১৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডবলমুরিং থানা-পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা করার জন্য জড়ো হয়েছেন—এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা, হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রুপা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য সুজলা অন্তরা এবং বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু।
এছাড়া সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
