ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’
সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজধানীর পর এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে কৃত্রিম প্রযুক্তি (এআই) নির্ভর 'অটো ফাইন সিস্টেম'। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে নতুন এই ব্যবস্থা চালু করছে হাইওয়ে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম।
তিনি জানান, আগামী ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম (ওভারস্পিড), অবৈধ পার্কিং, উল্টোপথে যানবাহন চালনাসহ অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যবস্থার আওতায় আধুনিক প্রযুক্তিনির্ভর এআই ক্যামেরার মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে।
তিনি আরো জানান, মামলার তথ্য পাওয়ার পর আইন অমান্যকারী যানবাহনের মালিক নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি) ব্যবহার করে জরিমানা পরিশোধ করতে পারবেন।
হাইওয়ে পুলিশ মনে করে, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে হওয়া বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর করা সম্ভব হবে। এই ব্যবস্থা মহাসড়কে ট্রাফিক আইন প্রতিপালনে জনসচেতনতা বৃদ্ধি, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
এর আগে রাজধানী ঢাকায় সড়কের শৃঙ্খলা ফেরাতে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা ও এআই ক্যামেরা চালু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
