২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৯৩
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার এবং অপরজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৬৯ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর মোট ২০ হাজার ৫৬৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২৪৩ জনে।
