ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫১
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের অর্ধেকেরও বেশি ঢাকা ও বরিশাল বিভাগের বাসিন্দা।
বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও ডেঙ্গু কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৬ জন এবং বরিশাল বিভাগে ৬৬ জন শনাক্ত হয়েছেন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত সারা দেশে মোট ৭ হাজার ৫৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং এ রোগে ২২ জনের মৃত্যু হয়েছে।
