কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ম্যাচ নিয়ে বাগ্বিতণ্ডা–হাতাহাতি, অসুস্থ হয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
কুমিল্লায় আর্জেন্টিনা ও মিশরের ফুটবল ম্যাচ নিয়ে বিবাদের জেরে মারধরের শিকার হয়ে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কোটবাড়ী বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং ইজিবাইক চালাতেন।
ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ শংকর কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আর্জেন্টিনার গোল হজম করা নিয়ে বিবাদের জেরে মারধরের শিকার হয়ে ওই যুবক অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিশরের খেলা চলাকালে আর্জেন্টিনা একটি গোল হজম করলে ব্রাজিল সমর্থক শরিফুল উল্লাস প্রকাশ করেন। এ সময় তিনি উপস্থিত আর্জেন্টিনা সমর্থকদের লক্ষ্য করে বিভিন্ন কটাক্ষ ও ট্রল করতে থাকেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শরিফুলকে মারধর করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, 'ফুটবল খেলা নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অসুস্থ হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।'
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
