দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
ভারতের দিল্লিতে প্রবেশের সময় বিমানবন্দরে বাধায় পড়ে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। রোববার সন্ধ্যায় নিরাপত্তা তল্লাশির সময় তার নাম চিহ্নিত হওয়ার কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দিল্লি বিমানবন্দরে আটকে দিয়েছিল।
জাহেদের ঘনিষ্ঠ সূত্র ইউএনবিকে জানিয়েছে, দিল্লি বিমানবন্দরে তাকে 'অযাচিত হয়রানির' শিকার হতে হয়েছে। তবে এ বিষয়ে ঢাকা বা নয়াদিল্লি কোনো পক্ষের তরফ থেকেই এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উপদেষ্টার সঙ্গে কোনো কূটনৈতিক পাসপোর্ট ছিল না। তিনি সার্ক ভিসাযুক্ত একটি সাধারণ বাংলাদেশি (সবুজ) পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছিলেন।
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) কমিটি অভ সিনিয়র অফিসিয়ালস-এর (সিএসও) ২৮তম সভায় অংশ নেওয়ার কথা ছিল উপদেষ্টার। ভারত ১৫ ও ১৬ জুন নয়াদিল্লিতে এই সভার আয়োজন করছে।
এই সভায় আইওআরএর সদস্য রাষ্ট্রগুলোর ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। ভারত মহাসাগরীয় অঞ্চলজুড়ে অগ্রগতি পর্যালোচনা, আঞ্চলিক অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা ও পারস্পরিক সহযোগিতা এগিয়ে নেওয়াই এই সভার মূল লক্ষ্য।
