নেপালে বন্যার্তদের ১ মিলিয়ন ডলার ত্রাণ সহায়তা দিল বাংলাদেশ
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ, পুনরুদ্ধার এবং মানবিক সহায়তার জন্য দেশটির প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর সঙ্গে সাক্ষাৎ করে এই সহায়তার কথা জানান। এ সময় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর উদ্দেশ্যে লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এর আগে, গত ১ সেপ্টেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া নেপালে ঘটে যাওয়া এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদে একটি শোক প্রস্তাব গৃহীত হয়।
