সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া নদীতে এক জেলের জালে বিরল প্রজাতির একটি বিশাল কচ্ছপ ধরা পড়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে স্থানীয় যুবকরা কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপকূলীয় গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের শেখ বাড়ি এলাকার এক জেলে শুক্রবার (১২ জুন) দুপুরে নদীতে মাছ ধরার জন্য জাল ফেললে এই কচ্ছপটি আটকা পড়ে। পরে জেলে কচ্ছপটি তার বাড়িতে এনে রাখেন।
উদ্ধারকারী স্থানীয় যুবক আশিক ও সাইফুল ইসলাম জানান, কচ্ছপ ধরা পড়ার খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে তারা গ্রামবাসী ও যুবকদের সাথে নিয়ে ওই জেলের বাড়িতে যান। সেখান থেকে শনিবার বেলা ২টার দিকে কচ্ছপটি উদ্ধার করা হয়। পরে 'কমিউনিটি পেট্রোলিং গ্রুপ' (সিপিজি) সদস্যদের মাধ্যমে কচ্ছপটি বন বিভাগের পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া স্টেশনে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত কচ্ছপটির ওজন আনুমানিক ১০ কেজি।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ফাঁড়ির স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "স্থানীয় গ্রামবাসী কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে এটি আমাদের হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"
কচ্ছপটির সুনির্দিষ্ট প্রজাতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "কচ্ছপটি বিরল প্রজাতির। তবে এটি ঠিক কোন প্রজাতির, তা আমি এই মুহূর্তে বলতে পারছি না; আমার সে বিষয়ে সুনির্দিষ্ট ধারণা নেই।"
