সাতক্ষীরায় ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা, ছিনিয়ে নেয়া হলো আসামি
সাতক্ষীরার শ্যামনগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা পার্শ্বেখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সহকারী উপপরিদর্শক বদরুজ্জামান, কনস্টেবল নাজমুল হাসান।
এ ঘটনায় শ্যামনগর থানার উপপরিদর্শক অনিরুদ্ধ বাদি হয়ে স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান ও তার বাবাসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫/৩০ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেছেন।
শ্যামনগর থানার ওসি তদন্ত পিয়ার উদ্দিন জানান, এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের দাফন কাজে সহায়তার জন্য তার নেতৃত্বে ৮/৯ জন পুলিশ গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে যায়। একইদিনে দাফনকার্য শেষে তারা আদালতের ওয়ারেন্টের আসামি ধরতে একই ইউনিয়নের চাঁদনীমুখা পার্শ্বেখালী গ্রামে যায়। এসময় ওয়ারেন্টমুলে মাইনুর রহমান, শাহিনুর রহমান ও মহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পিয়ার উদ্দিন আরও জানান, আসামিদের নিয়ে শ্যামনগর থানার উদ্দেশ্যে রওনা দেয়ার পর পথিমধ্যে ইউপি সদস্য মশিউর রহমানের নেতৃত্বে ৩০/৩৫ জন লাঠিসোঁটা নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি শাহিনুর ও মহিদুল ইসলামকে ছিনিয়ে নেয়।
এসময় তাদের হামলায় চারজন পুলিশ সদস্য আহত হন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান, পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় উপ পরিদর্শক অনিরুদ্ধ বাদী হয়ে মামলা করেছেন। এজাহারনামীয় চার নম্বর আসামী রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।
