সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
দেশে সব ধরনের সিগারেটের দাম বাড়ছে। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, রাজস্ব সম্ভাবনা ও স্বাস্থ্য ঝুঁকির সর্বোচ্চ সমন্বয় বিবেচনায় নিয়ে তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য নিম্নস্তরের ক্ষেত্রে প্রতি ১০ শলাকা ৬২ টাকা, মধ্যমস্তর ৯২ টাকা, উচ্চস্তর ১৬০ টাকা এবং অতি উচ্চস্তর ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করছি।
প্রস্তাব অনুযায়ী, বাজারে থাকা নিম্নস্তরের সিগারেটের দাম সবচেয়ে কম বাড়ছে। বর্তমানে ১০ শলাকার এক প্যাকেট নিম্ন স্তরের সিগারেটের মূল্য ৬০ টাকা, যা মাত্র ২ টাকা বাড়িয়ে ৬২ টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।
মধ্যম স্তরের ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের দাম বর্তমানের ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি, উচ্চ স্তরের সিগারেটের দাম প্রতি প্যাকেট ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা হচ্ছে।
এবারের বাজেটে সবচেয়ে বড় মূল্যবৃদ্ধি করা হয়েছে প্রিমিয়াম বা অতি-উচ্চ স্তরের সিগারেটের ক্ষেত্রে। এই স্তরে ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের দাম বর্তমানের ১৮৫ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ২১০ টাকা করা হয়েছে।
