আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য: সংসদে প্রতিমন্ত্রী নুর
আগামী অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১৪ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে সংসদকে এ তথ্য জানান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত সময়কালে বিভিন্ন দেশে মোট ৯ লাখ ৩৩ হাজার ৮১৫ জন বাংলাদেশি কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছেন।
নুরুল হক নুর বলেন, সরকার দক্ষ ও পেশাদার কর্মী বিদেশে পাঠানোর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মতো যেসব দেশে বর্তমানে কর্মী নিয়োগ বন্ধ বা সীমিত রয়েছে, সেসব দেশে শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা কিংবা সম্প্রসারণের লক্ষ্যে কূটনৈতিক আলোচনা ও নেগোসিয়েশন অব্যাহত রয়েছে।
বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নতুন গন্তব্য খুঁজে বের করা এবং বিদ্যমান বাজারগুলোতে অধিকতর প্রবেশাধিকার নিশ্চিত করতে সরকার সক্রিয় ভূমিকা পালন করছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।
