প্রয়োজনে আইন পরিবর্তন করে বিচার নিশ্চিত করুন: অপ্রতিমের বাবা
প্রয়োজনে আইন পরিবর্তন করে হলেও দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। মঙ্গলবার গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হকের সঙ্গে মুঠোফোনে আলাপকালে তিনি এই দাবি জানান।
অপ্রতিমের বাবা প্রতিমন্ত্রীকে বলেন, 'আমরা জানি না কবের আইনে দুজন আসামিকে শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে। তাদের ডিএনএ টেস্ট করা হোক। প্রয়োজনে আইন পরিবর্তন করে তাদের বিচার নিশ্চিত করা হোক।'
এর আগে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের সঙ্গে মুঠোফোনে কথা বলে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন প্রতিমন্ত্রী নুরুল হক। তিনি অপ্রতিমের পরিবারকে ন্যায়বিচার নিশ্চিতের আশ্বাস দিয়ে বলেন, 'অপ্রতিমের বিষয়টি সারাদেশ ব্যাপী আলোচিত হয়েছে। আপনারা খুব কষ্টে আছেন। আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। তবে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আপনারা দেখেছেন সরকার পুলিশের মাধ্যমে কীভাবে অ্যাকশন নিয়েছেন। আমরা আপনার পরিবারের প্রতি সমবেদনা জানাই।'
এদিকে মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধিদল অপ্রতিমের বাবা ও মায়ের গন্ধমতির বাসায় গিয়ে তাদের সঙ্গে দেখা করেন।
প্রতিনিধিদলের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলার সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জয়নাল মাজহারি, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাসেল হোসেন, মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাইফ আহমেদ তানজিদ এবং সেক্রেটারি নাইম জামান।
