চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, দুই অটোরিকশাচালক গুলিবিদ্ধ
চট্টগ্রামের লোহাগাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যাটারিচালিত অটোরিকশা চালক গুলিবিদ্ধ হয়েছেন। আহতের পরিবারের দাবি, চাঁদা না দেয়ায় স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠী তাদের ওপর হামলা চালিয়েছে।
সোমবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমিরবাপের পাড়া ও হরিঘোনা এলাকায় পৃথক এ হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—বড়হাতিয়া ইউনিয়নের নতুনপাড়া এলাকার মো. আকিব (২০) ও চুনতি ইউনিয়নের বড়ঘোনা এলাকার কাইয়ুম শরিফ (১৯)। আহতদের প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
আহত আকিবের স্বজনদের অভিযোগ, স্থানীয় একটি সশস্ত্র গ্রুপ তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। এর মধ্যে তিনি ৩ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা না দেওয়ায় দীর্ঘদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। সোমবার সন্ধ্যায় যাত্রী নিয়ে আমিরবাপের পাড়া এলাকায় গেলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তার পেট ও হাতে গুলি লাগে।
অন্যদিকে, কাইয়ুম শরিফ জানান, তিনি যাত্রী নামিয়ে ফেরার পথে হরিঘোনা এলাকায় পৌঁছালে পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তার পিঠে একাধিক গুলি লাগে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী টিবিএসকে বলেন, 'আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত দুজন তৌফিক গ্রুপের সদস্য হতে পারেন বলে প্রাথমিক তদন্তে এসেছে। দীর্ঘদিন ধরে তৌফিক গ্রুপ ও স্থানীয় মেম্বার রফিক গ্রুপের মধ্যে বিরোধ চলছে।'
তিনি আরও জানান, 'ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ও স্থানীয়দের সঙ্গে কথা বলা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।'
