ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা
ফার্নেস তেলের দাম লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়ানো হয়েছে। প্রতি লিটারের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করেছে বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ (রোববার) মধ্যরাত থেকে কার্যকর হবে। বর্তমানে প্রতি লিটার ফার্নেস তেল ৭০ টাকা ১০ পয়সায় বিক্রি হচ্ছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪(৪) ও ৩৪(৬) অনুসারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি শেষে বিস্তারিত পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের ২২ ফেব্রুয়ারি জারি করা একটি আদেশ অনুযায়ী ফার্নেস তেলের মূল্য প্রতি তিন মাস অন্তর বা প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা যাবে।
সেই ধারাবাহিকতায় চলতি বছরের মার্চ মাসে অপরিশোধিত তেল আমদানি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ফার্নেস তেলের গড় মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে।
