স্ত্রী-কন্যাসহ বেইলি রোডে শিশুদের নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী
রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে সপরিবারে শিশুদের নাটক উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় তিনি মিলনায়তনে উপস্থিত হয়ে সাধারণ দর্শকদের সঙ্গে বসে 'কবি চিতাবাঘ' নামক নাটকটি দেখেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে নাটকটি দেখতে আসেন। তাদের এই ঝটিকা সফর ও মিলনায়তনে উপস্থিত হওয়ার বিষয়টি আগে থেকে সাধারণ দর্শকদের জানা ছিল না।
মিলনায়তনে উপস্থিত দর্শকরা জানান, প্রধানমন্ত্রীর আসার জন্য বিশেষ কোনো নিরাপত্তা কড়াকড়ি বা বাড়তি প্রটোকল তাদের চোখে পড়েনি। নাটক চলাকালে দীর্ঘ সময় পাশের সিটে বসা দর্শকরাও প্রথমে বুঝতে পারেননি যে খোদ প্রধানমন্ত্রী তাদের সঙ্গে বসে নাটক দেখছেন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতুহল ও আনন্দ লক্ষ্য করা যায়।
মেয়েকে নিয়ে মিলনায়তনের দ্বিতীয় তলায় নাটক দেখতে আসা তানহা চৌধুরী বলেন, 'মেয়েকে নিয়ে এসেছিলাম। হঠাৎ করে খেয়াল করলাম প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে বসে নাটকটি উপভোগ করছেন। বিষয়টি দেখে অনেক ভালো লেগেছে, অথচ প্রথমে আমরা বুঝতেই পারিনি।'
নাটক প্রদর্শনী শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী সপরিবারে মঞ্চে ওঠেন। সেখানে তিনি নাটকে অংশগ্রহণকারী শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অভিনয়ের প্রশংসা করেন।
