আরব আমিরাতের তেল কেন্দ্রে ভয়াবহ আগুন; বন্দরগুলোতেও হামলার হুমকি ইরানের
সংযুক্ত আরব আমিরাতের একটি প্রধান তেল কেন্দ্রে ড্রোন হামলা ও ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র 'খাগ দ্বীপে' মার্কিন হামলার পর এবার ইউএইর বন্দর ও ডকগুলোতে হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
শনিবার (১৪ মার্চ) ইউএইর ওই তেল কেন্দ্র থেকে আগুনের ধোঁয়া আকাশের দিকে উঠতে দেখা যায়। ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, তাদের খাগ দ্বীপে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় তারা এখন আমিরাতের বন্দর ও ডকগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।
খাগ দ্বীপে মার্কিন হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে পরিচালিত হামলায় ইরানের মাইন ও ক্ষেপণাস্ত্রের মজুত ধ্বংস করা হয়েছে। তবে দ্বীপের তেল অবকাঠামো 'অক্ষত' রাখা হয়েছে বলে দাবি করেছে তারা। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ওই দ্বীপের 'প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন' করে দিয়েছে।
