শেষ হলো ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, টিকিট পেতে ভোগান্তি যাত্রীদের
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শেষ হয়েছে।
গত ৩ মার্চ শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলা এই কার্যক্রমে অধিকাংশ টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়ায় অনেক যাত্রী টিকিট সংগ্রহ করতে পারেননি। ফলে ঈদযাত্রার ট্রেনের টিকিট পেতে ভোগান্তির অভিযোগ উঠেছে যাত্রীদের পক্ষ থেকে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিদিন সংশ্লিষ্ট তারিখের টিকিট ছাড়া হয় এবং কয়েক মিনিটের মধ্যেই বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে যায়। এতে অনেক যাত্রী অনলাইনে চেষ্টা করেও টিকিট পাননি বলে জানিয়েছেন।
যাত্রীদের অভিযোগ, টিকিট ছাড়ার নির্ধারিত সময়ের আগে থেকেই অনলাইনে অপেক্ষা করলেও সিস্টেমে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে ওয়েবসাইটে ঢুকতে বিলম্ব, সার্ভারের ধীরগতি কিংবা হঠাৎ টিকিট শেষ হয়ে যাওয়ার কারণে তারা টিকিট সংগ্রহ করতে ব্যর্থ হন।
১৯ মার্চ নাটোর যাত্রার জন্য আজ সকাল থেকেই অনলাইনে চেষ্টা করছিলেন তামান্না আক্তার। তবে কয়েক সেকেন্ড ব্যবধানেই টিকিট শেষ হয়ে বলে জানান তিনি।
তিনি বলেন, 'পেমেন্ট করার জন্য ইন্টারনেট যেটুক প্রসেসিং টাইম নিয়েছে, তারমধ্যেই শেষ হয়ে গেছে টিকিট।'
এদিকে, অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে অবিক্রিত থাকা টিকিটগুলো স্টেশন কাউন্টারে বিক্রির কথা থাকলেও সব টিকিট অনলাইনেই বিক্রি হয়ে যাওয়ায় কাউন্টারে টিকিট পাওয়া যায়নি।
রেলওয়ে কর্মকর্তা সাজিদুল ইসলাম জানিয়েছেন, ঈদযাত্রাকে সামনে রেখে টিকিট বিক্রি ব্যবস্থায় অনলাইন পদ্ধতি চালু রাখায় দীর্ঘ লাইনের ভিড় কিছুটা কমেছে। তবে যাত্রীচাপ অত্যন্ত বেশি হওয়ায় সবাইকে টিকিট দেওয়া সম্ভব হয় না।
উল্লেখ্য, ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে, যা চলবে ১৮ মার্চ পর্যন্ত। এই টিকিটগুলোও অনলাইনের মাধ্যমেই সংগ্রহ করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঈদযাত্রার বিশেষ এই টিকিট কোনোভাবেই ফেরতযোগ্য নয় এবং টিকিট ক্রয়ের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
