ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, পাওয়া যাবে শুধু অনলাইনে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার (৩ মার্চ) থেকে শুরু হওয়া এই টিকিট বিক্রি চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত।
যাত্রীদের সুবিধার্থে এবার শতভাগ টিকিট অনলাইনেই বিক্রি করা হচ্ছে। কাউন্টারে কোনো টিকিট পাওয়া যাবে না।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদ শেষে কর্মস্থলে ফেরার বা ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে আগামী ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত।
ঈদে ঘরমুখী যাত্রীদের বাড়তি চাপ সামলাতে বিভিন্ন রুটে ৫ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ট্রেনগুলো চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার, ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ এবং জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলাচল করবে।
গত ২২ ফেব্রুয়ারি রেলভবনে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় এড়াতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তনগর ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
যাত্রীদের নিরাপত্তা ও ট্রেনের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে বিভাগীয় ও জোনাল মনিটরিং সেল গঠন করা হবে। চাহিদাও অনুযায়ী ট্রেনের সঙ্গে অতিরিক্ত বগি বা কোচ যুক্ত করা হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় রিলিফ ট্রেনও প্রস্তুত রাখা হবে।
ঈদের আগে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ১৯ মার্চ মধ্যরাত থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য সব পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।
টিকিট কালোবাজারি রোধ ও শৃঙ্খলা বজায় রাখতে রেলওয়ে পুলিশ, র্যাব, বিজিবি ও স্থানীয় পুলিশের সমন্বয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভুয়া লিংকে ক্লিক করে টিকিট না কাটার এবং প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
