বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে দগ্ধ করার অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরী গৃহকর্মীকে গরম পানি ঢেলে দগ্ধ করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত গৃহকর্ত্রী ফাইজা আক্তারকে গ্রেপ্তার করে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
নির্যাতনের শিকার ওই কিশোরীর নাম লামিয়া। সে বর্তমানে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এর আগে শুক্রবার রাতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে প্রবাসী জহির তালুকদারের স্ত্রী ফাইজা আক্তারকে আটক করে।
ভুক্তভোগী কিশোরী লামিয়া জানায়, গত প্রায় ছয় বছর ধরে সে ওই বাড়িতে কাজ করছিল। এই দীর্ঘ সময়ে বিভিন্ন অজুহাতে তাকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করা হতো। গত বৃহস্পতিবার গভীর রাতে তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে গৃহকর্ত্রী ফাইজা আক্তার তার ওপর গরম পানি ঢেলে দেয় বলে অভিযোগ করে লামিয়া। এতে তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। আহত অবস্থায় তাকে চিকিৎসা নিতেও বাধা দেওয়া হয়েছিল।
লামিয়া আরও জানায়, শুক্রবার সকালে সুযোগ পেয়ে সে ওই বাসা থেকে পালিয়ে একই এলাকার মামা সিরাজুল ইসলামের কাছে আশ্রয় নেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শুক্রবার রাতেই উপ-পরিদর্শক (এসআই) মোশারেফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল চরহোগলা এলাকায় স্বর্ণা বেকারির পাশের একটি বাসায় অভিযান চালিয়ে ফাইজা আক্তারকে আটক করে। এই নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ১৭।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
