বার্সার শিরোপা উৎসবে শামিল মেসিও!
চার বছর পর লিগ জিতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে বার্সেলোনা। শহরের মানুষ এবং ক্লাবের সমর্থকদের নিয়ে ২৭ তম লিগ জয় উদযাপন করছেন বার্সার খেলোয়াড়রা। সেই উৎসবে যোগ দিয়েছেন বিশেষ একজন।
সেই একজন আর অন্য কেউ নন, স্বয়ং লিওনেল মেসি। বার্সায় ফেরার গুঞ্জনের মধ্যেই ক্লাবের লা লিগা শিরোপা জয়ের উদযাপনে শামিল হয়েছেন আর্জেন্টাইন জাদুকর।
তবে এই শামিল মেসি উপস্থিত থেকে হয়েছেন তা নয়। ড্রেসিংরুমে শিরোপা জয়ের উৎসব করার সময় বার্সেলোনার খেলোয়াড়দের সঙ্গে যোগ দেন মেসি। বার্সার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহো ড্রেসিংরুম থেকে ইনস্টাগ্রামে লাইভ করছিলেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আরাউহোর সেই লাইভে যুক্ত হন।
লাইভে বার্সেলোনার কিংবদন্তিকে দেখতে পেয়ে আরাউহো উচ্ছ্বাসে ভেসে গেছেন। তিনি চিৎকার করে বলে ওঠেন, 'কে এখানে? মেসি! কী অবিশ্বাস্য!'
গতকাল শিরোপা জয়ের উদযাপন আরো বড় পরিসরে করেছে বার্সেলোনা। সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ছাদখোলা বাসে বার্সার খেলোয়াড়রা ঘুরেছেন পুরো শহর।
