'আমি যে সময়ে কিছু করি সেটাই ঠিক সময়'
নিজের ব্যক্তিগত ব্যাপার দল পর্তুগালের উপর কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পিয়ার্স মরগানকে দেয়া তার বিস্ফোরক সাক্ষাৎকারের পর নানান আলোচনা-সমালোচনার সম্মুখীন হওয়া সত্ত্বেও বিচলিত নন রোনালদো।
তার সম্পর্কে লোকে কী ভাবছে তাতে কিছু যায় আসে না বলেই জানিয়েছেন রোনালদো। তার নজর এখন পুরোপুরি বিশ্বকাপে, দল পর্তুগালের দারুণ সম্ভাবনাও দেখছেন।
বিশ্বকাপে পর্তুগালের গ্রুপের ম্যাচ আসতে এখনও কয়েকদিন বাকি। এর আগে রোনালদো কথা বলেছেন তার আলোচিত সাক্ষাৎকার, দলের সবার সাথে তার সম্পর্ক, বিশ্বকাপে পর্তুগালের সম্ভাবনা ইত্যাদি নিয়ে।
সেখানেই রোনালদো জানিয়েছেন দলের সবার সাথে তার ভালো সম্পর্কের কথা, "আমার জীবনে আমি যখন যা করেছি সেটিই সেই কাজের জন্য সেরা সময় বলে প্রমাণিত হয়েছে। লোকে আমাকে নিয়ে কী ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। দলের সবাই আমাকে অনেক বছর ধরে চেনে এবং আমাকে তারা খুব ভালো করেই জানে।'
সাক্ষাৎকারের পর প্রকাশ হওয়া এক ভিডিওতে দেখা যায় ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সতীর্থ পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজের সাথে তার অপ্রস্তুতভাবে হাত মেলানো, সেটি নিয়ে নানা জল্পনা-কল্পনা চললেও রোনালদো জানালেন আসল ঘটনা, 'ব্রুনো দলের অনুশীলনে সবার শেষে এসেছিল। আমি মজা করে ওকে জিগেস করছিলাম যে ও নৌকায় করে এসেছে কিনা। এটাই ছিলো ঘটনা।'
এরপর বিশ্বকাপে পর্তুগালের সম্ভাবনা নিয়েও কথা বলেন দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ রাঙাতে সর্বোচ্চ চেষ্টাই যে করবেন সেটি তার কথায় স্পষ্ট, 'দলের সবাই ভালো কিছু করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। সবার মধ্যে জেতার ক্ষুধা আছে, আমি নিজেও এখন ১০০% ফিট। নিজের সেরাটা দেওয়ার জন্য আমি তৈরি।'
মাঠের বাইরের সব বিতর্ক পেছনে ফেলে রোনালদো নিজের সেরাটা দিলে তো লাভ আদতে পর্তুগালেরই। সেটিরই অপেক্ষায় এখন রোনালদো এবং পর্তুগালের ভক্তরা।
