অন্ধ ব্যক্তি লাইসেন্স ছাড়াই মদ খেয়ে হাইওয়েতে গাড়ি চালিয়েছেন ১৫০ মাইল!
ইংল্যান্ডের 'এম৬' মোটোরওয়েতে কার্লাইল শহরের কাছে গভীর রাতে টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। এসময় তাঁরা একটি ওপেল মেরিনা গাড়িকে বিশৃঙ্খলভাবে লেনের এপাশ-ওপাশ করতে দেখেন। তাঁরা মনে করেছিলেন, কোনো বেপরোয়া চালককে হাতেনাতে ধরেছেন। কিন্তু গাড়িটি থামানোর পর যা প্রকাশ হলো, তাতে তাঁদের চোখ ছানাবড়া হওয়ার জোগাড়! চালক কেবল যে প্রচণ্ড মদ্যপ ছিলেন তাই নয়, তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না—এমনকি তিনি ছিলেন প্রায় সম্পূর্ণ অন্ধ!
সম্প্রতি অনুষ্ঠিত এক আদালতের শুনানিতে এন্থনি হল নামক ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, লাইসেন্স ও ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানো এবং সঙ্গীর অনুমতি ছাড়া তাঁর গাড়ি নিয়ে কেটে পড়ার অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তাঁর আইনজীবী বিচারককে জানান, সম্পর্কের টানাপোড়েন ও আর্থিক অনটনসহ জটিল ব্যক্তিগত পরিস্থিতি থেকে বাঁচতে চরম মরিয়া হয়েই এমন কাণ্ড ঘটিয়েছেন এন্থনি। তবে দৃষ্টিহীন একজন মানুষ কেন মদ্যপ অবস্থায় মোটোরওয়েতে স্টিয়ারিং হাতে তুলে নিলেন, তার কোনো যৌক্তিক ব্যাখ্যা অবশ্য আদালতের কাছেও ছিল না।
এন্থনি হল আদালতে জানান, সঙ্গীর সাথে টানা চার বোতল ওয়াইন পান করার পর নিজের দুঃখ-কষ্ট থেকে পালাতে তিনি গাড়ি চালিয়ে স্কটল্যান্ডের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। জীবনে কখনো ড্রাইভিং লাইসেন্স না থাকলেও, জীবনের সিংহভাগ সময় গাড়ি নিয়ে কাজ করার সুবাদে গাড়ি কীভাবে চালাতে হয়, তা তিনি ভালোভাবেই জানতেন। অথচ এই ঘটনার দুই বছর আগেই দৃষ্টিশক্তি প্রায় সম্পূর্ণ হারান তিনি, কিন্তু এই অন্ধত্বও তাঁকে এই বিপজ্জনক সিদ্ধান্ত থেকে বিরত রাখতে পারেনি।
পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়, এম৬ মোটোরওয়েতে গাড়ি চালিয়ে যাওয়ার পথে এই অন্ধ চালক রিফুয়েলিংয়ের জন্য একটি পেট্রোল পাম্পেও থেমেছিলেন। সেখানকার কর্মীরা তাঁকে তেল নিতে সাহায্য করলেও, লোকটির চরম মদ্যপ অবস্থা বা দৃষ্টিহীনতার বিষয়টি পাম্পের কারও নজরে পড়েনি কিংবা কেউ থানায় খবর দেয়নি।
আপনার মনেও যদি প্রশ্ন জাগে—কীভাবে একজন দৃষ্টিহীন লোক মদ্যপ অবস্থায় রাতের আঁধারে হাইওয়েতে ১৫০ মাইল গাড়ি চালালেন? তবে জেনে রাখুন, আপনি একা নন! এন্থনি নিজেই এর রহস্য উন্মোচন করে জানান, তিনি এখনও কেবল আবছা আলো দেখতে পান। তাই তিনি একটি বড় ট্রাকের পেছনে পেছনে গাড়ি ছোটাচ্ছিলেন এবং সেটির ব্যাকলাইটের লাল আলো অনুসরণ করে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তবে লেন বজায় রাখতে তাঁর খুব কষ্ট হচ্ছিল, আর সেটাই টহল পুলিশের নজরে পড়ে যায়।
পরের ওপর ভরসা করে এত মাইল চালিয়ে কোনো দুর্ঘটনা না ঘটানো কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। তবে বিচারে হলকে ৩৬ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে তাঁকে ৯০ দিন মদ থেকে সম্পূর্ণ দূরে থাকা এবং একটি পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বলতেই হয়, চরম বিপজ্জনক কাণ্ড ঘটিয়েও বেশ সস্তাতেই পার পেয়ে গেলেন তিনি!
