ফিলিস্তিনপন্থী সংগঠনকে সমর্থন করায় ‘ফৌজদারি অপরাধের’ শঙ্কা, যুক্তরাজ্যে নিজের বই সরবরাহ বন্ধ করছেন স্যালি রুনি
ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করায় যুক্তরাজ্যে নিজের বই সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ ঔপন্যাসিক স্যালি রুনি। যুক্তরাজ্যের বিদ্যমান আইনের ফলে তার বই প্রকাশ চালিয়ে যাওয়া 'গুরুতর ফৌজদারি অপরাধ' হিসেবে গণ্য হতে পারে—এমন আশঙ্কায় প্রকাশনা প্রতিষ্ঠান ফ্যাবারের সঙ্গে যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন 'নরমাল পিপল'খ্যাত এই লেখিকা।
বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে রুনি বলেন, 'আমার বিশ্বাস ও অবস্থান নিয়ে সাধারণ মানুষের কাছে সবসময় সৎ থাকার চেষ্টা করেছি। আর এর যেকোনো পরিণতি মেনে নিতে আমি সম্পূর্ণ প্রস্তুত।'
ইতোমধ্যে যুক্তরাজ্যে তার বইয়ের ই-বুক সংস্করণগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে বইয়ের দোকানগুলোতে থাকা মুদ্রিত কপির বর্তমান মজুত বিক্রি করার ক্ষেত্রে প্রকাশনা সংস্থা ফ্যাবারের কোনো বিধিনিষেধ নেই বলে নিশ্চিত করেছে দেশটির অন্যতম শীর্ষ বই বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াটারস্টোনস।
নিয়েলসনআইকিউ বুকডাটার তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে স্যালি রুনির বই বিক্রি হয়েছে ৬০ লাখের বেশি, যার মধ্যে কেবল যুক্তরাজ্যেই বিক্রি হয়েছে ২৩ লাখ কপি। ২০১৮ সালে প্রকাশিত 'নরমাল পিপল' উপন্যাসটি তুমুল জনপ্রিয়তা পায় এবং দুই বছর পর এটি অবলম্বনে নির্মিত টিভি সিরিজটি ব্যাপক দর্শকপ্রিয় হয়। রুনির অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে— 'ইন্টারমেজো', 'কনভারসেশনস উইথ ফ্রেন্ডস' এবং 'বিউটিফুল ওয়ার্ল্ড, হোয়ার আর ইউ'।
প্রকাশনা প্রতিষ্ঠান ফ্যাবার বিবিসিকে জানায়, যুক্তরাজ্যের বর্তমান আইনের কারণে তারা স্যালি রুনিকে তার কাজের প্রাপ্য রয়্যালটি বা আয়ের অর্থ বুঝিয়ে দিতে পারছে না। তারা আরও জানায়, 'একজন লেখকের বই বিক্রি করে তাকে তার আয়ের অংশ দিতে না পারা একজন প্রকাশকের জন্য অত্যন্ত অনভিপ্রেত ও অন্যায্য পরিস্থিতি। তাই স্যালির সঙ্গে সম্পূর্ণ ঐকমত্যের ভিত্তিতে আমরা যুক্তরাজ্যে যেকোনো ফরম্যাটে তার বই সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।'
তবে যুক্তরাজ্য ছাড়া বিশ্বের অন্যান্য দেশে রুনির বই বিক্রি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফ্যাবার।
উল্লেখ্য, যুক্তরাজ্যের সরকার ২০২৫ সালে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে। সংগঠনটি মূলত গাজায় ইসরায়েলের যুদ্ধের সঙ্গে যুক্ত বিভিন্ন অস্ত্র কারখানাকে নিশানা করে আন্দোলন কর্মসূচি পরিচালনা করে আসছিল।
রুনি জানান, গোষ্ঠীটি যুক্তরাজ্যে নিষিদ্ধ হলেও তার নিজের দেশ রিপাবলিক অব আয়ারল্যান্ডে তা নিষিদ্ধ নয়। এর আগে গত আগস্টে আইরিশ টাইমসে এক নিবন্ধে রুনি লিখেছিলেন, যুক্তরাজ্যের আইনে অপরাধ হিসেবে বিবেচিত হলেও তিনি তার কাজের রয়্যালটি দিয়ে সংগঠনটিকে সমর্থন জুগিয়ে যাবেন। সে সময় গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় যুক্তরাজ্যে একটি পুরস্কার গ্রহণের সফরও বাতিল করেছিলেন তিনি।
বুধবার দেওয়া বিবৃতিতে রুনি আরও বলেন, 'এর ফলে যুক্তরাজ্যে আমার বই প্রকাশের চুক্তি বাস্তবায়ন এখন একটি গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতে পারে। তাই দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর আমার প্রকাশক ফ্যাবার যুক্তরাজ্যে বই সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছে।'
রুনির এ পদক্ষেপকে 'সাহসী ও নীতিবান অবস্থান' বলে প্রশংসা করেছেন প্যালেস্টাইন অ্যাকশনের সহ-প্রতিষ্ঠাতা হুদা আম্মোরি। তিনি বলেন, রুনির বই প্রত্যাহার হওয়া যুক্তরাজ্যে মতপ্রকাশের স্বাধীনতার ওপর নেমে আসা ক্রমবর্ধমান আঘাতের একটি নতুন দৃষ্টান্ত।
প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থনের অভিযোগে যুক্তরাজ্যে এ পর্যন্ত ৩ হাজার ৭০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ২ হাজার ৫০০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তবে নিষেধাজ্ঞাটির বিরুদ্ধে দায়ের করা একটি আইনি চ্যালেঞ্জ আগামী মাসে দেশটির সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় থাকায় এখনও কারও বিচারপ্রক্রিয়া শুরু হয়নি।
