যুক্তরাজ্যে চিড়িয়াখানায় বাঘের বেষ্টনীতে ‘ঝাঁপ’ দেওয়ার পর এক ব্যক্তির মৃত্যু
যুক্তরাজ্যের ডনকাস্টারের একটি চিড়িয়াখানায় বাঘের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে তিনি ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কের বাঘের বেষ্টনীর ভেতরে 'লাফিয়ে পড়েন'। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তারা গুলির শব্দ শুনেছেন এবং বাঘটি ওই ব্যক্তির ঘাড় কামড়ে ধরেছিল।
দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, ডনকাস্টারের কাছে অবস্থিত এই পর্যটন কেন্দ্রের বাঘের খাঁচায় এক ব্যক্তি প্রবেশ করেছেন—এমন সংবাদ পেয়ে তারা স্থানীয় সময় বেলা ১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানায়, খাঁচায় ঢোকার পরই বাঘটি লোকটির ওপর আক্রমণ চালায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাটি তার পরিবারকে জানানো হয়েছে এবং পুলিশের কর্মকর্তারা তাদের সার্বিক সহায়তা দিচ্ছেন বলেও জানানো হয়।
এ ঘটনায় ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কটি রোববারও বন্ধ থাকবে। এক বিবৃতিতে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, 'যিনি মারা গেছেন, তার পরিবার এবং স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি।'
পুলিশ জানিয়েছে, বাঘটি অক্ষত রয়েছে এবং ঘটনার পরও এটি খাঁচার ভেতরেই ছিল। এ নিয়ে সর্বসাধারণের জন্য বড় ধরনের কোনো ঝুঁকির আশঙ্কা ছিল না।
পুলিশ আরও জানিয়েছে, 'আমরা সচেতন যে এই ঘটনার কিছু ভিডিও অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। আমরা অনুরোধ করব কেউ যেন এই ফুটেজ শেয়ার না করেন।'
এর আগে, ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে পার্ক কর্তৃপক্ষ জানায়, 'ঘটনার পরপরই তাদের জরুরি সাড়াদান কার্যক্রম "অবিলম্বে সক্রিয়" করা হয় এবং আসলে কী ঘটেছিল তা সঠিকভাবে নিশ্চিত করতে তারা কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।'
৩৯ বছর বয়সী কারমেল পেলহাম পরিবারের সাথে একটি ছুটির দিন উপভোগ করছিলেন, ঠিক তখনই পার্ক কর্মীরা তাদের জানান যে পুরো এলাকা খালি করা হচ্ছে।
তিনি জানান, তিনি বন্দুকের গুলির মতো আওয়াজ শুনতে পান এবং কিছুক্ষণ পর আকাশে একটি এয়ার অ্যাম্বুলেন্সকে চক্কর দিতে দেখেন।
পেলহাম আরও বলেন, 'বাঘের খাঁচাটির ওপর একটি বড় কালো রঙের তারপোলিন (ত্রিপল) টাঙানো ছিল।' পরিস্থিতি সামলানোর জন্য তিনি পার্ক কর্মীদের প্রশংসা করে বলেন, প্রক্রিয়াটি খুবই সুসংগঠিত ছিল।
ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১১ সালে এর 'ল্যান্ড অব দ্য টাইগার্স' এলাকাটি চালু করা হয়।
দু'একরের এই বিশেষ সংরক্ষিত এলাকাটি 'আমুর' বা 'সাইবেরিয়ান' বাঘের আবাসস্থল—যা বিলুপ্তপ্রায় একটি উপপ্রজাতি এবং বনাঞ্চলে বর্তমানে এদের সংখ্যা মাত্র ৫০০টির কাছাকাছি।
পার্কের ওয়েবসাইটে থাকা খাঁচাটির ছবিগুলোতে দেখা যায়, দর্শনার্থীদের হেঁটে দেখার জন্য একটি উঁচুপথ রয়েছে এবং বাঘ চলাচলের অংশটির ওপরে বিশেষ বেড়া দেওয়া রয়েছে।
