‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’—সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি
সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদ নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি ক্ষমা চান।
এতে বলা হয়, "সম্প্রতি ষ্টার নিউজের একটি টক শোতে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের দুঃখজনক ঘটনাটি নিয়ে, সংকীর্ণভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আমি আবেগবশত বলেছিলাম, 'আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না।'"
"আমার এই মন্তব্যটি করা একেবারেই ঠিক হয়নি এবং আমি তা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করছি। আমার এই মন্তব্যের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং আমাদের প্রবাসী ভাইবোনদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।"
"মানুষ ভুল করতেই পারে, আর ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত। আমার ওই মন্তব্যটি জন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।"
উল্লেখ্য, শনিবার (১৭ অক্টোবর) রাতে স্টার নিউজের টক শো 'কড়া আলাপ'-এ 'সৌদিতে মৃত্যুদণ্ড ও আমাদের কূটনীতির ব্যর্থতা' শীর্ষক আলোচনায় সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে মন্তব্য করেন কামরুজ্জামান রতন।
তার সেই বক্তব্য ছড়িয়ে পড়লে পরবর্তীতে সেটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
