শি জিনপিংকে মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
ওয়াশিংটনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককালে তাঁর কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—রোববার এ বিস্ফোরক দাবি করেছেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।
এদিন মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই বলেন—আমরা বিশ্বের অন্যান্য দেশের কাছে তো অস্ত্র বিক্রি করিই। একপর্যায়ে তিনি আসলে প্রেসিডেন্ট শি-কে সরাসরি জিজ্ঞেসই করে বসেন যে তিনি যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র কিনতে চান কি না।"
এদিক আজ সোমবার চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ওয়াশিংটন সফরকালে শি জিনপিংয়ের প্রতি ট্রাম্পের "অসাধারণ সৌজন্য প্রদর্শন"-এর ভূয়সী প্রশংসা করেছে।
এদিকে চীনের দাবীকৃত ভূখণ্ড তাইওয়ান গত বছরের ডিসেম্বরে কয়েকশ' কোটি ডলারের রেকর্ড অস্ত্র কয়ের চুক্তি করেছে ওয়াশিংটনের সঙ্গে। এরপর ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ১,৪০০ কোটি ডলারের নতুন অস্ত্র প্যাকেজের চূড়ান্ত অনুমোদনের জন্য যখন মাসের পর মাস অপেক্ষা করছে, ঠিক তখনই তাইওয়ান নীতিবিষয়ক এক সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূতের কাছ থেকে এই নজিরবিহীন তথ্যটি সামনে এলো।
তাইওয়ানের সুরক্ষায় ট্রাম্পের প্রতিশ্রুতির গভীরতা নিয়ে আগেও নানা প্রশ্ন উঠেছে। গত মে মাসে বেইজিংয়ে শি জিনপিংয়ের সাথে এক বৈঠকে ট্রাম্প জানান, তিনি তাইওয়ানের ১,৪০০ কোটি ডলারের ওই অস্ত্র বিক্রির প্যাকেজটি স্থগিত রেখেছেন। চীনের সাথে দর কষাকষিতে এটিকে এক "উৎকৃষ্ট হাতিয়ার" হিসেবে আখ্যা দিয়েছিলেন তিনি।
তাইওয়ানে চীনের কোনো হামলা বা আগ্রাসনের ক্ষেত্রে—ওয়াশিংটন শেষ পর্যন্ত তাইওয়ানকে সামরিকভাবে রক্ষা করবে কি না, তা নিয়ে দীর্ঘ দিন ধরেই এক ধরনের 'কৌশলগত অস্পষ্টতা' বজায় রেখে আসছে যুক্তরাষ্ট্র। তবে কয়েক দশকের পুরোনো 'তাইওয়ান রিলেশনস অ্যাক্ট'-এর অধীনে আত্মরক্ষার জন্য তাইপে-কে পর্যাপ্ত সামরিক সরঞ্জাম সরবরাহ করতে আইনিভাবে বাধ্য যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, গণতান্ত্রিক পদ্ধতিতে শাসিত তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক প্রদেশ মনে করে বেইজিং—এবং এটি পুনর্দখলে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনাও কখনোই বাতিল করেনি। ফলে তাইওয়ানের কাছে ওয়াশিংটনের অস্ত্র বিক্রিকে বরাবরের মতোই "দৃঢ়ভাবে প্রত্যাখ্যান" করে আসছে চীনা কর্তৃপক্ষ। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সদ্য সমাপ্ত ওয়াশিংটন বৈঠকে ট্রাম্পকে "তাইওয়ানের স্বাধীনতা"র বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন শি জিনপিং।
এদিকে পারডিউ-র সাক্ষাৎকারের পর দ্য নিউ ইয়র্ক টাইমস-কে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউজ স্পষ্ট করে জানিয়েছে, চীনের কাছে অস্ত্র বিক্রির কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) জানিয়েছে, "মার্কিন আইনে চীনের কাছে অস্ত্র বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ এবং চীনের কাছে কোনো অস্ত্র বিক্রির প্রস্তাব বা পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই।"
