সৌদির দাবি ‘মিথ্যা’, আমরা মক্কায় কোনো হামলা করিনি: হুথি কর্মকর্তা
মক্কার দিকে ছোড়া বিদ্রোহীদের একটি ড্রোন ভূপাতিত করার যে দাবি সৌদি নেতৃত্বাধীন জোট করেছে, তা প্রত্যাখ্যান করেছেন এক হুথি কর্মকর্তা।
হুথিদের পলিটব্যুরো সদস্য হাজেম আল-আসাদ রয়টার্সকে বলেন, 'মক্কাকে লক্ষ্যবস্তু করার এই দাবি একটি পুরোনো ও চর্বিতচর্বণ মিথ্যা। এমন মিথ্যে আগেও রটানো হয়েছে। এসব ভাঁওতাবাজিতে এখন আর কেউ বোকা বনে না।'
এর আগে সৌদি প্রতিরক্ষা জোট দাবি করে, হুথিদের ছোড়া একটি ড্রোন মক্কার আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী।
এর আগে ২০১৭ সালেও মক্কার দিকে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছিল সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী। ওই ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।
