দৈনিক ড্রোন হামলায় ইউক্রেনের আকাশ সুরক্ষাকে পেছনে ফেলছে রাশিয়ার নতুন জেট চালিত ড্রোন
রাশিয়া পুরো আগস্ট মাসজুড়ে প্রতিদিন ইউক্রেনের বিরুদ্ধে তাদের নতুন ও দ্রুতগতির জেট-চালিত ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। বিবিসি ভেরিফাই-এর ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্যের বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।
এর মাধ্যমে রাশিয়া এমন একটি অস্ত্রের ব্যবহার আরও বাড়িয়ে দিল, যা মোকাবিলা করতে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ হিমশিম খাচ্ছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্যে এই প্রথমবারের মতো মস্কোর নতুন ও আধুনিকীকৃত 'গেরান' ড্রোন দিয়ে প্রতিদিন হামলার বিষয়টি রেকর্ড করা হলো। জেট-চালিত এবং অন্যান্য জাতের ড্রোনের মাত্রাতিরিক্ত ব্যবহার লক্ষ্য করে রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি কিয়েভের আকাশের পরিস্থিতিকে একটি উন্মোচিত "ভয়াবহতা" হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন।
ইউক্রেনের সামরিক বাহিনী সম্প্রতি বিবিসি-কে জানিয়েছে, জেট-চালিত ড্রোনের আক্রমণ জুনে ৩৫০টি থেকে বেড়ে জুলাইয়ে ১,৬০০টি এবং আগস্টে ২,৮০০টিতে দাঁড়িয়েছে। আগস্টের রাতের হামলাগুলোর পাঁচটিতে এই ড্রোনগুলো পুরোনো ও ধীরগতির মডেলের ড্রোনগুলোকে সংখ্যায় ছাড়িয়ে গিয়েছিল।
কিং'স কলেজ লন্ডনের সামরিক প্রযুক্তি বিশেষজ্ঞ ড. মেরিনা মিরন বলেন, 'জেট-চালিত ড্রোনে রূপান্তরের মূল কারণ হলো—এগুলো আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি দ্রুতগতির, যা ইউক্রেনের পক্ষে এগুলোকে আটকে দেওয়া বা গুলি করে নামানো অনেক বেশি কঠিন করে তোলে।' আধুনিকীকৃত এই ড্রোনগুলো ঘণ্টায় ৩০০ মাইলেরও বেশি গতিতে চলতে পারে, যা পুরোনো মডেলগুলোর তুলনায় বহুগুণ দ্রুত এবং কিয়েভের ইন্টারসেপ্টর বা প্রতিরোধকগুলোর সর্বোচ্চ গতির চেয়েও অনেক বেশি। ড্রোনগুলোতে টার্বোজেট ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। ইউক্রেনীয় সামরিক গোয়েন্দাদের মতে, যার কিছু অংশ চীন থেকে সংগৃহীত।
জেলেনস্কির মতে, ১ সেপ্টেম্বরের একঝাঁক হামলার অংশ হিসেবে এই ড্রোনগুলো ব্যবহার করা হয়েছিল, যাতে অন্তত ১২ জন নিহত এবং আরও ২০ জন আহত হন। কিয়েভের একটি ডিপোতে হামলা চালানোর পর হতাহতদের মধ্যে ছয়জনই ছিলেন রেলওয়ে কর্মী। জেলেনস্কির তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুর দিকে ইউক্রেন রাশিয়ার ড্রোন মোকাবিলায় তুলনামূলক সফলতা দেখিয়েছিল এবং দূরপাল্লার ৯৪ শতাংশ ড্রোনই আটকে দিচ্ছিল। কিন্তু নতুন ড্রোনগুলোর তীব্র গতি কিয়েভ ও মস্কোর মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতার জন্ম দিয়েছে। ১০ আগস্ট ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার উপ-প্রধান মেজর জেনারেল ভাদিম স্কিবিটস্কি বলেন, তাদের বাহিনীর এমন নতুন 'ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র' প্রয়োজন যা এই জেট-ড্রোনের গতির সাথে টেক্কা দিতে সক্ষম।
কিয়েভের কর্মকর্তারা সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেনের চারটি প্রতিষ্ঠান নতুন 'গেরান' মডেলের ড্রোন ধ্বংস করতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা শুরু করেছে। দেশের নতুন প্রতিরক্ষামন্ত্রী ইয়েভেন খমারা সেগুলোকে যত দ্রুত সম্ভব "হাজার হাজার" উৎপাদনের নির্দেশ দিয়েছেন। জেট-চালিত ড্রোনগুলোতে বিনিয়োগের পেছনে রাশিয়ার একটি অর্থনৈতিক সুবিধাও ছিল। ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান 'ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিজ'-এর বিশ্লেষক জন হার্ডি বলেন, এসব ড্রোনের গতি ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধির ফলে এগুলোর সাথে তুলনামূলক দামি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পার্থক্য এখন "ঝাপসা" হয়ে গেছে।
তিনি আরও বলেন, 'দূরপাল্লার একমুখী আক্রমণকারী ড্রোনগুলো মূলত সস্তার ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো। আপনি একটি ড্রোনে যত বেশি সক্ষমতা যুক্ত করবেন, ড্রোন এবং তুলনামূলক কম ক্ষমতার ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যকার পার্থক্য ততটাই অর্থহীন হয়ে পড়বে।' তবে গবেষণা সংস্থা 'কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ' জানিয়েছে, জেট-ড্রোনগুলো এখনো ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো অতটা অত্যাধুনিক নয়। সংস্থাটি উল্লেখ করেছে, এই ড্রোনগুলোর আক্রমণের রেঞ্জ (সীমা) কম, এতে অনেক ছোট আকারের ওয়ারহেড বা বিস্ফোরক বহন করা হয় এবং এগুলো সিগন্যাল জ্যামিং ব্যবস্থার মাধ্যমে সহজেই বিভ্রান্ত বা অকার্যকর করা সম্ভব।
এদিকে, স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, মস্কো ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত তাদের মূল স্থাপনাগুলোকে জেট-চালিত ড্রোন ব্যবহারের উপযোগী করে নতুন করে প্রস্তুত করছে। এর মধ্যে ওরিওল অঞ্চলের সিমবুলোভায় অবস্থিত সম্পূর্ণ নতুন একটি ঘাঁটিতে এ ধরনের গোলাবারুদের জন্য ব্যবহৃত দীর্ঘতর রেইল বা ট্র্যাকিং রেইল দেখা গেছে। স্থাপনাটিতে একাধিক উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে, যা ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০৯ মাইল (১৭৫ কিলোমিটার) দূরে অবস্থিত।
সিমবুলোভা ঘাঁটিটি চালু হওয়ার পর থেকে এটি রাশিয়ার ড্রোন আক্রমণের একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে বলে মনে হচ্ছে। ওরিওল অঞ্চল, যেখানে সিমবুলোভা ঘাঁটিটি অবস্থিত, ২০২৪ সালের সেপ্টেম্বরের আগে বিমান বাহিনীর কোনো প্রতিবেদনে ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে উল্লেখিত ছিল না। তবে ২০২৬ সালের আগস্টের মধ্যে প্রায় প্রতিটি আক্রমণের সাথেই এর নাম উঠে এসেছে। জেটচালিত ড্রোনের ব্যাপক প্রসার এমন এক সময়ে দেখা যাচ্ছে যখন বিবিসি ভেরিফাই-এর তথ্য বলছে, রাশিয়া এখন সপ্তাহে প্রায় একবার শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে জটিল ধরনের হামলা চালাচ্ছে।
হামলার পরিধি বা আকার বেড়ে যাওয়ার মূল কারণ হলো মস্কোর কৌশলে পরিবর্তন—তারা এখন জেট চালিত ও ভুয়া ড্রোনসহ বিভিন্ন বৈচিত্র্যময় সামরিক সরঞ্জামের সাথে ব্যয়বহুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মিশ্রণ ঘটাচ্ছে, যা ঠেকানো অত্যন্ত কঠিন। আরএএনডি থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষক মাইকেল বোনার্ট বিবিসি ভেরিফাইকে এমন তথ্য জানান। কিয়েভের তথ্য অনুযায়ী, মস্কো এখন চার বছর আগের তুলনায় প্রতি হামলায় ১৫ গুণেরও বেশি ড্রোন ব্যবহার করছে।
বোনার্ট আরও যোগ করেন, কৌশলগতভাবে জটিল এই আক্রমণগুলোর পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বৈশ্বিক ঘাটতি (যা আংশিকভাবে মার্কিন-ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের কারণে সৃষ্ট)—ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধের হার কমিয়ে দিয়েছে।
জুলাইয়ের শেষ পর্যন্ত ইউক্রেনের বিমান বাহিনীর দেওয়া তথ্যে দেখা গেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধের হার কমেছে। এরপর আগস্ট থেকে কিয়েভ এমন কোনো পরিসংখ্যান প্রকাশ করা বন্ধ করে দিয়েছে যা থেকে তাদের এই প্রতিরোধের হার বোঝা যায়।
