আগস্টে প্রত্যাশার চেয়েও বেশি বেড়েছে চীনের বৈদেশিক মুদ্রা রিজার্ভ
মার্কিন ডলারের মান হ্রাস পাওয়ার প্রেক্ষাপটে গত আগস্ট মাসে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পূর্বাভাসের চেয়েও বেশি বেড়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে এসেছে।
বিশ্বের সর্ববৃহৎ বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভধারী দেশ চীনের রিজার্ভের পরিমাণ গত মাসে বেড়ে দাঁড়ায় ৩.৪৩৮ ট্রিলিয়ন (৩ লাখ ৪৩ হাজার ৮০০ কোটি) মার্কিন ডলারে। তার আগের মাস জুলাইয়ে এর পরিমাণ ছিল ৩.৪১৯ ট্রিলিয়ন ডলার।
এর আগে রয়টার্সের এক জরিপে অর্থনীতিবিদরা আগস্টে রিজার্ভ বেড়ে ৩.৪২৫ ট্রিলিয়ন ডলার হতে পারে বলে প্রাক্কলন করেছিলেন। কিন্তু, বাস্তবে তা প্রত্যাশার চেয়েও বেশি ঘটেছে।
রিজার্ভ বাড়ার পাশাপাশি আগস্ট মাসে মার্কিন ডলারের বিপরীতে চীনের মুদ্রা ইউয়ানের মান ০.৪৯ শতাংশ বেড়েছে। একই সময়ে বিশ্বের প্রধান প্রধান মুদ্রাগুলোর ঝুড়ির বিপরীতে ডলারের মান ০.৪ শতাংশ কমেছে।
