পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনার কথা জানাল মস্কো
রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাকে মস্কো নাকচ করে দিচ্ছে না বলে আজ রোববার জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস-এর বরাতে এই তথ্য জানানো হয়।
তবে বৈঠকের চূড়ান্ত প্রস্তুতিতে যাওয়ার আগে এর মূল এজেন্ডা বা আলোচ্যসূচি কী হবে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন রিয়াবকভ।
তিনি বলেন, "এখানে মূল প্রশ্নটি দাঁড়িয়েছে—বৈঠকের বিষয়বস্তু কীভাবে নির্ধারিত হবে এবং এই বৈঠক থেকে আমরা ফলাফলের দিক থেকে কী আশা করতে পারি।"
চলতি মাসের শুরুর দিকে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ আগামী নভেম্বরে চীনের শেনঝেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের বিষয়টি সামনে এনেছিলেন।
রোববার রাশিয়ার সংবাদ সংস্থাগুলোতে উশাকভের বক্তব্যকে উদ্ধৃত করে বলা হয়, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের নেতাদের এমন একটি বৈঠক যথেষ্ট মূল্য বা তাৎপর্য বহন করে। তবে এর আয়োজনের বিষয়টি পুরোপুরি সম্মেলনের আয়োজক দেশের এখতিয়ারভুক্ত।
উশাকভ বলেন, "তারা যদি এই ধরনের কোনো বৈঠকের আয়োজন করতে পারে—এবং এর জন্য নির্দিষ্ট পরিমাণ কূটনৈতিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে—তবে আমি মনে করি এটি অনুষ্ঠিত হতে পারে।"
এছাড়া শীর্ষ সম্মেলন চলাকালে প্রেসিডেন্ট পুতিনের জন্য একাধিক দ্বিপক্ষীয় বৈঠকেরও পরিকল্পনা করছে ক্রেমলিন। এর মধ্যে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক এবং "সুযোগ তৈরি হলে" ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে বলে জানান উশাকভ।
