সৌদির কাছে ৫০০ কোটি ডলারের বোমা ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
সৌদি আরবের কাছে ৫০০ কোটি ডলারের বোমা, গাইডেন্স কিট ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার এ অনুমোদনের ঘোষণা আসে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরব একাধিকবার হামলার শিকার হয়েছে।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই অস্ত্র বিক্রির ফলে বর্তমান ও ভবিষ্যৎ আঞ্চলিক হুমকি মোকাবিলায় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে। একই সঙ্গে দেশটির নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং মার্কিন বাহিনী ও উপসাগরীয় অঞ্চলের অন্য অংশীদারদের সঙ্গে সমন্বয়ও বাড়বে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান নন-ন্যাটো মিত্র। দেশটির নিরাপত্তা জোরদারের মাধ্যমে এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনেও সহায়তা করবে।
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে ইরানি বাহিনী এবং তেহরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য হয়েছে সৌদি আরব।
রিয়াদের কাছে প্রস্তাবিত এ বোমা বিক্রির বিষয়ে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে পররাষ্ট্র দপ্তর। তবে চুক্তিটি কার্যকর হতে এখনো মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদন প্রয়োজন।
