ধর্ষণ-মানব পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে এন্ড্রু টেট ও তার ভাই গ্রেপ্তার, প্রত্যর্পণ চাইবে যুক্তরাজ্য
বিতর্কিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দুই ভাই—অ্যান্ড্রু টেট ও ট্রিস্টান টেটকে গত রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে একটি গোপন ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিস এই তথ্য নিশ্চিত করেছে। তাদের বিরুদ্ধে ওঠা ধর্ষণ এবং যৌন পাচারের অভিযোগে দুই ভাইকে নিজেদের হেফাজতে নিতে প্রত্যর্পণ চাইবে যুক্তরাজ্য সরকার।
ব্রিটিশ প্রসিকিউটররা ঘোষণা করেছেন যে, তারা ইউএস-ইউকে (আমেরিকা ও যুক্তরাজ্য) দ্বৈত নাগরিকত্ব থাকা টেট ভাইদের বিরুদ্ধে ধর্ষণ এবং শিশুর অশালীন ছবিসহ আরও নতুন অভিযোগ দায়ের করবেন।
যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) গত রবিবার জানিয়েছে, ৩৯ বছর বয়সী অ্যান্ড্রু টেটের বিরুদ্ধে সাতটি ধর্ষণের অভিযোগ, তিনটি যৌন পাচার, তিনটি শারীরিক নির্যাতন এবং শিশুর অশালীন চিত্র ও চরম পর্নোগ্রাফি সংক্রান্ত আরও ১৯টি অতিরিক্ত অভিযোগে মামলা চালানো হবে।
অন্যদিকে, ৩৮ বছর বয়সী ট্রিস্টান টেটের বিরুদ্ধে একটি যৌন নিপীড়ন, দুটি ধর্ষণ এবং যৌন শোষণের উদ্দেশে পাচারের আয়োজন বা সহায়তার তিনটি অভিযোগ আনা হবে বলে জানিয়েছে সিপিএস।
তিন ভুক্তভোগীর দায়ের করা ধর্ষণ, মানব পাচার এবং গুরুতর শারীরিক জখমসহ মোট ২১টি অভিযোগে ইতিমধ্যে যুক্তরাজ্যে মামলার মুখোমুখি ছিলেন এই দুই ভাই। সিপিএস জানিয়েছে, নতুন এই অভিযোগগুলো যুক্ত হওয়ায় তাদের মোট ভুক্তভোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে। এই অপরাধগুলো ২০১০ সালের জুলাই থেকে ২০১৭ সালের আগস্টের মধ্যে ঘটেছিল বলে অভিযোগ করা হয়েছে।
২০২২ সালে রোমানিয়ায় গ্রেপ্তার হওয়ার পর জামিন পেয়ে সেখান থেকে পালিয়ে এসেছিলেন টেট ভাইয়েরা। রোমানিয়াতেও তাদের বিরুদ্ধে পৃথক ধর্ষণ এবং মানব পাচারের মামলা রয়েছে, যা যুক্তরাজ্যের এই মামলাগুলোর সঙ্গে সম্পর্কিত নয়।
নিজেদের বিলাসী ও জাঁকজমকপূর্ণ জীবনধারা প্রদর্শন করে অনলাইনে ব্যাপক পরিচিতি ও কুখ্যাতি অর্জন করেছিলেন এই দুই ভাই। তাদের আপত্তিকর ও নারীবিদ্বেষী আচরণ আইনি জটিলতায় পড়ার অনেক আগে থেকেই বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছিল।
তীব্র বিতর্ক থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিশাল অনুসারী রয়েছে, যার একটি বড় অংশ মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। গত ২০২৫ সালে খবর প্রকাশিত হয়েছিল যে, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্মকর্তারা টেট ভাইদের ইলেকট্রনিক ডিভাইস জব্দ করার পর তাদের সুরক্ষায় হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা হস্তক্ষেপ করেছিলেন।
অবশ্য অ্যান্ড্রু এবং ট্রিস্টান টেট উভয়েই তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
