ইরান যুদ্ধে আপত্তি, মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ইরান যুদ্ধ নিয়ে আপত্তি জানিয়ে মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের বার্ষিক প্রতিরক্ষা নীতিমালা বিল (এনডিএএ) আটকে দিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।
ডেমোক্র্যাট নেতা সিনেটর চাক শুমার বলেন, 'ট্রাম্প কোনো অনুমোদন ছাড়াই, কোনো কৌশল ছাড়াই এবং যুদ্ধ থেকে বের হওয়ার কোনো পরিকল্পনা ছাড়াই এই যুদ্ধ শুরু করেছেন।'
মঙ্গলবার বিলটির পক্ষে ৫০ এবং বিপক্ষে ৪৬ ভোট পড়লেও ১০০ সদস্যের সিনেটে পরবর্তী ধাপে যেতে প্রয়োজনীয় ৬০ ভোট না পাওয়ায় বিলটি এগোতে পারেনি।
ভোটে মূলত দলীয় অবস্থানই প্রতিফলিত হয়। রিপাবলিকানদের মধ্যে শুধু সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন পুনর্বিবেচনার সুযোগ রাখতে সিনেটের নিয়ম অনুযায়ী 'না' ভোট দেন। বাকি সব রিপাবলিকান বিলটির পক্ষে ভোট দেন।
গত মাসে মার্কিন সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিতে বিলটি বিবেচনার সময় ডেমোক্র্যাট সদস্যদের নয়জনই এর বিরোধিতা করেছিলেন। যদিও এনডিএএ সাধারণত দুই দলের সমর্থনেই পাস হয়ে থাকে।
ডেমোক্র্যাটদের আশঙ্কা, এত বড় প্রতিরক্ষা বাজেট অনুমোদন দেওয়া হলে সেটিকে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রতি কংগ্রেসের সমর্থন হিসেবে দেখা হবে।
বিল নিয়ে ভোটের সময়ই ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয়, তারা ইরানের সব বন্দরের ওপর আবারও নৌ অবরোধ কার্যকর করেছে এবং নতুন করে হামলা শুরু করেছে।
ডেমোক্র্যাটরা আরও অভিযোগ করেন, সামাজিক কর্মসূচিতে ব্যয় কমানোর মধ্যেই ট্রাম্প প্রশাসন মোট সামরিক ব্যয় ১.৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে চাইছে। এনডিএএতে অনুমোদিত ১.১৫ ট্রিলিয়ন ডলারের পাশাপাশি ট্রাম্প বাজেট সমন্বয় প্রক্রিয়ার মাধ্যমে আরও ৩৫০ বিলিয়ন ডলার অনুমোদনের জন্য কংগ্রেসের কাছে আবেদন করেছেন। এ প্রক্রিয়ায় ডেমোক্র্যাটদের সমর্থন ছাড়াই অর্থ বরাদ্দ পাস করা সম্ভব।
অন্যদিকে বিলটির পক্ষে বক্তব্য দিয়ে জন থুন ডেমোক্র্যাটদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তোলেন।
তিনি বলেন, 'এই বিল আমাদের সামরিক বাহিনীকে আজ প্রস্তুত রাখবে এবং আগামী দিনের জন্যও সক্ষম করে তুলবে।'
এ বছরের এনডিএএতে রেকর্ড ১.১৫ ট্রিলিয়ন ডলার প্রতিরক্ষা ব্যয়ের অনুমোদন রাখা হয়েছে। এতে কতটি যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা হবে— সেটি নির্দিষ্ট করার পাশাপাশি সেনাদের বেতন বৃদ্ধি এবং বিভিন্ন ভূরাজনৈতিক হুমকি মোকাবিলার নীতিমালা নির্ধারণ করা হয়েছে।
গত ছয় দশকেরও বেশি সময় ধরে প্রতি বছর আইন হিসেবে পাস হওয়ায় এনডিএএকে যুক্তরাষ্ট্রে অন্যতম 'অবশ্যই পাসযোগ্য' আইন হিসেবে বিবেচনা করা হয়।
তবে এই ধাক্কাতেই বিলটি পাসের প্রক্রিয়া শেষ হয়ে যায়নি। প্রতি বছর প্রতিনিধি পরিষদ ও সিনেট পৃথক সংস্করণ পাস করার পর দুই কক্ষের সমঝোতায় চূড়ান্ত বিল তৈরি হয়। সেটি উভয় কক্ষে অনুমোদিত হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর বা ভেটোর জন্য হোয়াইট হাউসে পাঠানো হবে।
